প্রিন্ট এর তারিখঃ Nov 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 18, 2026 ইং
গোপালগঞ্জে আওয়ামী লীগের হামলা-অগ্নিসংযোগের প্রতিবাদে পটিয়ায় বিএনপির বিক্ষোভ

চট্টগ্রাম পটিয়া প্রতিনিধি
মোঃসাকিল
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে চট্টগ্রামের পটিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পটিয়া পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, “পটিয়া গোপালগঞ্জ নয়। শান্ত পটিয়াকে ফ্যাসিস্টের দোসরেরা অশান্ত করার চেষ্টা করলে তা তাৎক্ষণিকভাবে প্রতিহত করা হবে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করা হলে তাদের ধরে প্রশাসনের হাতে সোপর্দ করা হবে।” এ সময় যেকোনো অপতৎপরতা রুখতে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের সবসময় সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তারা।
পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন— পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য বদরুল খায়ের, পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী আবু তাহের, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহজাহান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মফজল আহমেদ চৌধুরী, দক্ষিণ জেলা যুবদল নেতা ইদ্রিস পানু, দক্ষিণ জেলা জাসাসের সদস্যসচিব নাসির উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত, পৌরসভা যুবদলের সদস্যসচিব হাবিবুর রহমান রিপন, উপজেলা যুবদলের সদস্যসচিব ওহিদুল আলম চৌধুরী পিবলু, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন এবং তরুণ বিএনপি নেতা আকিবুল হক আকিবসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪